নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বিশেষ করে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
সকাল ৮ টায় শুরু হওয়া নারায়ণগঞ্জের ভোট উৎসব শেষ হয় বিকাল চারটায়। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টার কিছু আগে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের আয়োজন নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বিঘ্নে ভোট উৎসব শেষ করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ ছিলো ইসির।
মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।
পুলিশ, র্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, থাকেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।







