নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় অস্ত্রধারীকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ, দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার নারায়ণগঞ্জে হওয়া সংঘর্ষের বিষয়ে কথা বলতে গিয়ে শুক্রবার বিশ্ব ইজতেমায় সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
সেসময় অস্ত্র উঁচিয়ে তেড়ে গেলে গণধোলাইয়ের শিকার হন শামীম ওসমানের সমর্থক নিয়াজুল। সেই থেকে নিয়াজুলকে খুঁজে পাচ্ছে না পুলিশ।








