সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জীবন ও কর্ম নিয়ে এবার বই লিখেছেন। বইটির নাম ‘হিট রিফ্রেশ’।
২০১৪ সাল থেকে মাইক্রোসফটে দায়িত্ব পালন করা ভারতীয় বংশোদ্ভূত নাদেলা তার বইতে জীবনের অনেক অজানা তথ্য ও মাইক্রোসফটের ভেতরের অনেক কথা লিখেছেন বলে জানা গেছে।
মাইক্রোসফটের নিরন্তর পরিবর্তন এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তন বিষয়ের অনেক তথ্য, যেমন-কৃত্রিম বুদ্ধিমত্তা, মিক্সড রিয়েলিটি ও কোয়ান্টাম কম্পিউটিং বিষয়ে লিখেছেন। লিখেছেন কীভাবে এসব সামনের দিনগুলিতে বিশ্বের চেহারা পাল্টে দেবে। এছাড়াও নাদেলার ব্যক্তিজীবনের অনেক তথ্যও থাকছে সেখানে। বইটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রযুক্তিবিদদের মধ্যে নানা আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
বইটি সর্ম্পকে লিংকডইনের এক পোস্টে নাদেলা লিখেছেন, ‘এ বই পড়ে পাঠকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে এবং নতুন ধারণার জন্ম নেবে এবং তা ছড়াবে। কেউ কেউ এ বই পড়ে তাদের নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়ে নতুন করে সেই মুহূর্তগুলো শেয়ার করবে।’
তিনি আরও লিখেছেন, বইটিতে মাইক্রোসফটের নবজাগরণ সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যাবে।
সত্য নাদেলা লিংকডইনের ওই পোস্টে বইটির নাম হিট রিফ্রেশ রাখার কারণ ব্যাখ্যা করে বলেছেন, আপনি যখন ছোট তীর চিহ্নটি ব্যবহার করে ওয়েব ব্রাউজারের হিট রিফ্রেশ অপশনে ক্লিক করেন অথবা ‘ফাংশন প্লাস এফ৫’ চেপে ধরেন, তখন তা আপডেট হয়ে যায়। এ কারণে বইটির এমন নাম রাখা হয়েছে।
সেপ্টেম্বরের ২৬ তারিখে নাদেলার বইটি বাজারে আসবে। এ বইয়ের ভূমিকা লিখেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।







