কোর্টে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু খেলার বাইরে দুজনার নিখাদ বন্ধুত্ব। সেই সম্পর্ক কোর্টেও টেনে এনেছিলেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। দুই টেনিস কিংবদন্তির যুগলবন্দিতে লেভার কাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইউরোপ।
প্রথমবারের মতো আয়োজিত লেভার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপ। টিম ওয়ার্ল্ডের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ফেদেরার।
লেভার কাপের শেষদিনে টিম ইউরোপ টিম ওয়ার্ল্ডের বিপক্ষে ৯-৩ ব্যবধানের লিড নিয়ে কোর্টে নামে। তবে রোববার নাদালের হারে নাটকীয় রূপ নেয় লেভার কাপ। রাফাকে ৭-৫, ৭-৬ (৭-১) গেমে হারিয়ে ব্যবধান ১২-৯ এ নামিয়ে আনেন জন ইশনার।
শেষ ম্যাচে রোমাঞ্চ, উত্তেজনা ও নাটকীয়তার শেষে টিম ওয়ার্ল্ডের নিক কিরগিওসকে হারিয়ে টিম ইউরোপকে শিরোপা জেতান ফেদেরার। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬, (৮-৬), ১১-৯ গেমে কিরগিওসকে হারিয়ে ইউরোপকে চ্যাম্পিয়নের মুকুট এনে দেন সুইস সম্রাট।
ফেদেরারের বিপক্ষে একটা সময় ৮-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন কিরগিওস। টাই-ব্রেকেই ফেডএক্সের বিপক্ষে সর্বনাশ হয় তার।








