করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর ‘লকডাউনে’র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ছাড়া সব কিছু বন্ধ থাকবে।
৬০ শতাংশের ওপরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বুধবার থেকে -১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
সোমবার রাতে জেলা করোনা সংক্রান্ত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাটিতে নতুন করে আরও ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ জনের।
করোনা রোগীর শয্যা সংকটে নাটোর আধুনিক সদর হাসপাতাল। করোনা ওয়ার্ডে নির্ধারিত ৩১ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৩৯জন রোগী। এতে করে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরও বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই জনসাধারণের মাঝে।
নওগাঁ
আজ মঙ্গলবার ৬ষ্ঠ দিনের যথারীতি নওগাঁ পৌরসভা এবং নিয়ামপুর উপজেলায় বিশেষ লকডাউন কঠোর করা হয়েছে।
জেলা সদর থেকে আন্তঃজেলা এবং আন্তঃউপজেলার সকল রুটে আজও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন সড়কে রিক্সা ভ্যান মোটর সাইকেল ইত্যাদি যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। দিনের ব্যবধানে পুলিশ এবং প্রশাসনের নজরদারী শিথিল বলে প্রতীয়মান হচ্ছে।
নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ৪৮ ব্যক্তির। এই ২৪ ঘন্টায় জেলায় ৪৭৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ।
সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধির তথ্য মতে, করোনা সংক্রমণরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের লকডাউনের চতুর্থ দিন আজ। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সব গণপরিবহন বন্ধ রয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এ সংখ্যা সাতক্ষীরার এক দিনের শনাক্ত হিসেবে সর্বোচ্চ। শতকরা হিসেবে ৫৫ দশমিক ০৮ শতাংশ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।
রাজশাহী
রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও করোনা রোগীর সংখ্যা বাড়ছেই । বাড়ছে মৃত্যুর হারও। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করে শনাক্তের হার ৪৬ % শতাংশের উপরে।
আশঙ্কাজনক হারে করোনা বেড়ে যাওয়ায় রাজশাহীতে চলমান লকডাউনের বিধিনিষেধ পরিবর্তন করে মহানগরীতে কঠোর নজরদারী করছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতারা।
বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে লকডাউনকে কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন ।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে টাঙ্গাইলে বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে একজনের। নিহতের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। এথেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় ১৫৮টি নমুনা সংরহ করা হয়েছিলো। এর মধ্যে ৫০জন করোনার রুগি আক্রান্ত হয়েছে। শনাক্তের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, নাগরপুরে ১ জন, দেলদুয়ারে ১ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৭, কালিহাতীতে ১৫ জন ও ধনবাড়ীতে ৪ জন রয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ২৩৬ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৮৯ জনের। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এখনও টাঙ্গাইলে ভারতীয় ধরণের রোগী শনাক্ত হয়নি তবুও শনাক্তের হার বৃদ্ধিতে সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি।








