জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যার ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার নাজিমউদ্দিনের চাচাতো ভাই মামলা করতে এসেও মামলা না করে চলে যান। পরিবারের সিদ্ধান্তের জন্য পুলিশ দীর্ঘক্ষণ অপেক্ষা করে। কিন্তু পরিবারের সদস্যদের ইতিবাচক সাড়া না পেয়ে রাত সাড়ে দশটায় সূত্রাপুর থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এতে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়েছে। এদিকে রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নাজিমুদ্দিনের লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিহতের স্বজনেরা।
বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র নাজিমউদ্দিনকে ঋষিকেশ দাস রোডে দুর্বৃত্তরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।







