জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট
নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে
শিক্ষার্থীরা।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বিকালে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
নাজিমুদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুদ্ধ জবি শিক্ষার্থীদের একটি মিছিল বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
এরপর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে গুলিস্তান থেকে সদরঘাটমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 
নিহত নাজিমুদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিলেট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
লক্ষ্মীবাজারের কাছের একটি মেসে থাকতেন নাজিম। রাতে আরও তিন বন্ধুকে নিয়ে ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে বের হলে ঋষিকেশ দাশ লেনে অজ্ঞাত যুবকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর খুব কাছ থেকে দুই রাউন্ড গুলিও করে তারা। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।










