ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে চোট পাওয়া নাজমুল ইসলাম অপুর হাতে ২৫টি সেলাই দিতে হয়েছে। মঙ্গলবার বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তালুর উল্টোপিঠে চার জায়গায় ক্ষত হওয়ায় এত বেশি সেলাই লেগেছে।
দেশে ফিরে তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন নাজমুল। দেবাশীষ চৌধুরী জানান, সেলাই খোলার পর বোঝা যাবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এ বাঁহাতি স্পিনারকে।
চার জায়গায় ক্ষত হলেও নাজমুলের হাতে চিড় না থাকায় খুব বেশি শঙ্কা দেখছেন না বিসিবির চিকিৎসক। একটি ক্ষত কেবল আঙুলের জয়েন্টের কাছে।
‘এক্সরের মাধ্যমে দেখা গেছে নাজমুলের হাড়ে কোনো ইনজুরি হয়নি। শুধুমাত্র সফট টিস্যু ইনজুরি। আপাতত সেলাই করা হয়েছে। বেশ কিছু সেলাই করতে হয়েছে। এর মধ্যে তিনটা ক্ষত খুব একটা সমস্যা করবে না। একটা ক্ষত যেহেতু জয়েন্টের ওপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম নেয়ার পর আমরা সেলাই কাটবো। এরপর বোঝা যাবে কতোটা সময় লাগতে পারে।’
সোমবার ফ্লোরিডায় সিরিজের শেষ ম্যাচে নিজের প্রথম ওভারে তৃতীয় বলটি করার পর সিঙ্গেলস আটকাতে ডান দিকে ডাইভ দেন নাজমুল। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যানের জুতোর পারায় ক্ষত-বিক্ষত হয় বাঁ-হাতের তালুর উপরের অংশ।
জুতোর স্পাইকে থেঁতলে যাওয়া হাত নিয়ে আর বোলিং করতে পারেননি নাজমুল। মাঠ ছেড়ে সঙ্গে সঙ্গেই যেতে হয় হাসপাতালে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর করা হয় ২৫টি সেলাই।








