রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার জেরে বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার রাত ১০টার দিকে শাহরিয়ার হাসনাত তপু নামে বিবিএর ষষ্ঠ সেমিস্টারের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার খবরটি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তার লোহার প্রতিবন্ধক উপড়ে ফেলে সড়ক অবরোধ করে তারা। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় প্রগতি সরণিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদনে গ্যাস নিক্ষেপ করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
তপুর সহপাঠীদের অভিযোগ, বুধবার রাত ১০টার দিকে তপুসহ দুজন ওই আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের গেইটে মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর তারা তপুকে বেদম পেটায়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিস্থিতি জানতে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ভাটারা থানায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর বন্ধ পাওয়া যায়। থানার পরিদর্শক (তদন্ত) ফোনে রিং হলেও তিনি তা রিসিভ করেননি। পরিদর্শক অপারেশনের ফোন এক জুনিয়র পুলিশ সদস্য ধরে বলেন, স্যার একটু ভেতরে আছেন পরে ফোন দেন।
সর্বশেষ তথ্যমতে বিপুলসংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশের ভ্যান এলাকায় টহল দিচ্ছে।








