লাল গালিচা সংবর্ধনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানালো বাংলাদেশ। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় একটি শিশু তাকে ফুল দিয়ে মোদিকে বাংলাদেশে অভ্যর্থনা জানায়।
সোয়া ১০টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে যার সামনের অংশে উড়ছিলো ভারত-বাংলাদেশের পতাকা। কিছুক্ষণের মধ্যেই বিশেষ ফ্লাইট রাজদূত থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হাত নাড়তে নাড়তে নেমে এলে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সম্মানে ২১ বার তোপধ্বনি করা হয়। বাজানো হয় দুই দেশের জাতীয় সংঙ্গীত। এরপর ভারতীয় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
প্যারেড পরিদর্শন করে গার্ড অব অনার গ্রহণ করেন নরেন্দ্র মোদি। গার্ড পরিদর্শনের সময় বাজানো হয় ‘ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা… এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’
বিমান বন্দরে পরে নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও তিন বাহিনী প্রধানদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সফরসঙ্গীদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।







