ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এবং স্ন্যাপচ্যাট থেকে নিষিদ্ধ হওয়ার পর নতুন ‘যোগাযোগ মাধ্যম’ চালুর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যোগাযোগ মাধ্যমটির নাম দেওয়া হয়েছে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’।
বিবিসি জানায়, চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার পরে সব ধরনের সামাজিক যোগাযোযোগ মাধ্যম থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।
তারপর গত মার্চে ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা জেসন মিলার জানিয়েছিলেন তার (ট্রাম্পের) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করা হবে।
স্থানীয় সময় মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি জানান, মুক্ত এবং নিরাপদ মত প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করছে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’।
তবে এই প্ল্যাটফর্মটি মূলত একটি এক তরফা যোগাযোগ (ওয়ানওয়ে কমিউনেকশন) ব্যবস্থা। ট্রাম্পের ফলোয়াররা কেবল তার ভিডিও বার্তা দেখতে এবং ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন। কোনো পোস্টের রিপ্লাই, কমেন্ট কিংবা অন্য কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না।
এখন যদি কেউ ওই প্ল্যাটফর্মে সাইন আপ করেন তাহলে ট্রাম্পের আগের ধারণ করা কিছু ভিডিও দেখতে এবং শেয়ার করতে পারবেন।
তবে অনেকে মনে করছেন, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ হওয়ার পর নতুন একটি প্ল্যাটফর্ম থেকে পরোক্ষভাবে ফেসবুক-টুইটারের মতো ওয়েবসাইটগুলোর ওপর আধিপত্য কায়েম করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।







