মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার কোথায় হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সতীর্থ রুবেল হোসেন মনে করেন, দলের প্রয়োজনেই মোস্তাফিজের দ্রুত ক্রিকেটে ফিরে আসাটা জরুরি। পাশাপাশি রুবেল নিজেও আকিব জাভেদের কাছে নতুন বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন।
কাউন্টি ক্রিকেট খেলতে মোস্তাফিজ এখন ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ার একজন ফিজিও’র সঙ্গে কথা হলেও ইংল্যান্ডেই মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিসিবি’র পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।
আকিব জাভেদের সাত দিনের ক্যাম্পে বোলিংয়ে নতুনত্ব আনতে কাজ করছেন রুবেল।
তিনি বলেন, ‘পাকিস্তানি বোলাররা স্লগ ওভারে দারুণ বল করে থাকে। ওই সময় তারা প্রচুর রিভার্স সুইং দিতে পারে। বোলিংয়ে অনেক বৈচিত্র্য থাকে। আমি আকিবের কাছে এই জিনিসটা একুট শেয়ার করবো। তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে। এটা আমার জন্য হয়তো ভালো কোনও টিপস হতে পারে।’
ইংল্যান্ড সিরিজের আগে ২০ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফতুল্লা এবং বিকেএসপিতে।








