এক মাসেরও কম সময় আগে পরিচয় তাদের। কিন্তু এরই মধ্যে যেন অনেকটাই এগিয়ে গেছেন দু’জনে। বলছি বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আর তার নতুন প্রেমিকা ক্লডিয়া স্যানচেজের কথা।
গত কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ালেও সে সম্পর্কে জোর দিয়ে বলতে পারেনি কেউ। কিন্তু এবার মনে হয় ধরা পড়েই গেলেন ত্রিশ বছর বয়সী হার্টথ্রব এই পর্তুগিজ স্ট্রাইকার।
সম্প্রতি স্পেনের মাদ্রিদে গভীর রাতে এই জুটি একসঙ্গে ক্যামেরাবন্দী হন।
সাদা শার্ট, কালো ট্রাউজার আর চিকন কালো টাইয়ে বেশ ফিটফাট লাগছিলো রোনালদোকে। অন্যদিকে কালো স্টাইলিশ পোশাক আর স্বর্ণের দুলে স্প্যানিশ মডেল ক্লডিয়াকেও লাগছিলো অসাধারণ। দেখে মনে হচ্ছিলো গভীর রাতে রোমান্টিক ডেটে বেরিয়েছেন তারা।
প্রায় ৪ সপ্তাহ আগে রোনালদো নিজের নামে তৈরি নতুন সুগন্ধি লঞ্চ করেন। ওই অনুষ্ঠানেই প্রথম এই ব্রুনেট সুন্দরীর সঙ্গে দেখা হয় তার। একসঙ্গে ছবিও তোলেন তারা ওই অনুষ্ঠানে। এমনকি ছবি শেয়ারের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরের ছবি শেয়ারও করেন সেদিন।
লঞ্চ পরবর্তী পার্টিতে দু’জনে কাছাকাছি বসে তোলা ছবি ক্লডিয়া সেদিনই পোস্ট করেন, যার ক্যাপশন ছিলো ‘কী সৌভাগ্য আমার’। ওদিকে রোনালদোও আরো অনেক মডেলের পাশাপাশি ক্লডিয়াকে সঙ্গে নিয়ে তোলা ছবি শেয়ার করেন। ক্যাপশন দেন ‘মনে হচ্ছে আমার পারফিউমের লঞ্চটা ভালোভাবেই হয়েছে…!’
রুশ মডেল ইরিনা শাইকের সঙ্গে বিচ্ছেদের পর ক্রিশ্চিয়ানো রোনালদো আপাতত একাই রয়েছেন। ইরিনা এখন অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ।





