২৫ মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে ঘটে যাওয়া বর্বর ঘটনা নিয়ে প্রথম গান লেখেন দেওয়ান লালন আহমেদ। ‘পচিশে মার্চ’ শিরোনামে ওই গানটি গত মার্চে প্রকাশ পায়। গেয়েছিলেন ফিডব্যাকের লুমিন। এছাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরাঙ্গনা টেপরি রানীকে নিয়ে এর আগে গান লিখেছিলেন দেওয়ান লালন। সবগুলো গানই প্রশংসা পেয়েছিল। এবার নতুন একটি নাটকে গান লিখেছেন বাংলাদেশ পুলিশের এই উচ্চপদস্ত কর্মকর্তা।
‘ভুল অংক’ শিরোনামের এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এবং গেয়েছেন অটমনাল মুন।শ্রাবণী ফেরদৌসের রচনা ও নির্দেশনায় ওই নাটকটির নামও ‘ভুল অংক’। নির্মাতা বলেন, নাটকের গল্পের সঙ্গে গানের গুরুত্বটা অনেক বেশি। এই গানটাই গল্পকে এগিয়ে নিয়ে যায়। সেজন্য গান এবং নাটক দুটোর নামই ‘ভুল অংক’।
শ্রাবণী ফেরদৌস বলেন, দেওয়ান লালন এর আগে আমার ‘স্ট্যান্ডিং নাদিম’ নাটকে ‘কষ্ট’ নামে আরেকটি গান লিখেছিলেন। ওই গানটিও প্রশংসিত হয়েছিল। আশা করছি ‘ভুল অংক’ নাটক ও গান দুটোই দর্শক পছন্দ করবেন।
গানটি প্রসঙ্গে গীতকবি দেওয়ান লালন বলেন, মিথ্যে কোনো কিছু আঁকড়ে যদি সামনে আগানো হয়, একটা সময় সত্যটা বেরিয়ে আসে। মিথ্যে কখনও ভালো প্রাপ্তি দেয় না। এটাই ‘ভুল অংক’ গানের উপজীব্য। আমার বিশ্বাস সবাই গানটি পছন্দ করবেন।
‘ভুল অংক’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কাজী আসিফ ও শার্লিন ফারজানা। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।








