প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ২০৪’এ থাকা স্যান ম্যারিনো। তাই প্রায় এক নতুন দল মাঠে নামিয়ে দেন জার্মান কোচ জোয়াকিম লো। বিশ্বকাপ বাছাই পর্বে ‘পুঁচকে’ স্যান ম্যারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেই নতুন জার্মানিই জানান দিলো তারা কতটা দুর্দান্ত।
শনিবার ঘরের মাঠে খেলতে নামা জার্মান দলে ছিলেন না টমাস মুলার, মারিও গোটজে, স্যামি খেদিরা, ম্যানুয়েল ন্যয়ারের মতো তারকারা। তারপরও গোল পেতে খুব বেশি বেগ পেতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। স্যান্দ্রো ওয়েগনারের হ্যাটট্রিক এবং ইউলিয়ান ব্র্যান্টের জোড়া গোলে গ্রুপ পর্বে টানা ছয় জয় পেল জোয়াকিম লোর শিষ্যরা।
ম্যাচের ১১ মিনিটে মিডফিল্ডার ড্রেক্সলারের গোলে শুরু। এরপর স্যান ম্যারিনোর জালে একের পর এক বল জালে জড়িয়েছে স্বাগতিকরা। ড্রেক্সলারের গোলের পর প্রথমার্ধে গোল হয়েছে আরও তিনটি। ১৬ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্যান্দ্রো ওয়েগনার।
এরপর ২৯ মিনিটে পরে আবারও ওয়েগনার জাদু। ডি-বক্সের বাইরে থেকে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। আর ৩৮ মিনিটে ইউলিয়ান ব্র্যান্টের গোলে ব্যবধান ৪-০ করে বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই স্কোর শিটে নাম তোলেন স্বাগতিকদের ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি। আর ৭২ মিনিটে দলের হয়ে ষষ্ঠ এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্র্যান্ট।
জার্মানির শেষ গোলটি ওয়েগনারের। ৮৫ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি।
এই ম্যাচ জিতে ‘সি’ গ্রুপে সবার উপরে জার্মানি। ছয় ম্যাচের সবগুলো জিতে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৮। আর ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়-স্থানে আছে নর্দান আয়ারল্যান্ড।

রাতের অন্য ম্যাচে হ্যারি কেনের অতিরিক্ত সময়ের গোলে স্কটল্যান্ডের বিপক্ষে টেনেটুনে ড্র নিয়ে ফিরেছে ইংল্যান্ড। ৬৫ মিনিটে অ্যালেক্স চেম্বারলেইডের গোলে পিছিয়ে পড়েও ৮৭ এবং ৮৯ মিনিটে দারুণ দুটি গোলে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্কটিশরা।
কিন্তু অন্তিম সময়ে হ্যারি কেনের গোলে ড্রয়ের স্বস্তি ফেরে ইংলিশ শিবিরে।
স্বস্তির এই ড্রয়ে ‘এফ’ গ্রুপে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ইংল্যান্ড। ১১ পয়েন্ট নিয়ে স্লোভেনিয়া আছে দ্বিতীয় স্থানে।







