বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইকে সামনে রেখে নতুন কোচ ফাবিও লোপেজের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় হয়েছে ফুটবলারদের।
তবে অনুশীলন হয়নি প্রথমদিন। জাতীয় ফুটবলারদের নতুন প্রস্তুতি শুরুর ব্যস্ততার মধ্যে এ এফসি অনুর্ধ্ব-১৬ চ্যম্পিয়নশিপের বাছাইয়ে আগামীকাল সৌদি আরবের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরুর কথা থাকলেও, তা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। তিনদিন অনুশীলন করেই ঈদের ছুটিতে যাবেন ফুটবলাররা। এরপর বিকেএসপিতে চলবে অনুশীলন।
তার আগে বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের সাথে পরিচিত হন সদ্য জাতীয় দলের দায়িত্ব পাওয়া ইটালিয়ান কোচ ফাবিও লোপেজ। বাফুফে নির্বাচিত ৪১ খেলোয়াড়ের মধ্যে ৪ জন বাদে সবাই রিপোর্ট করেছেন।
বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ‘কয়েকজন খেলোয়াড় ছাড়া সবাই রিপোর্ট করেছে। একজন দেশের বাইরে আছে এবং আরেকজন ইনজুরিতে থাকায় রিপোর্ট করেননি বলে জানিয়েছে।
এই ৪১ জনের মধ্যে থেকে অনুশীলনের পর ২৩ জনকে চূড়ান্ত করবেন কোচ।
বাফুফে ভবনে জাতীয় দলের এই ব্যস্ততার মধ্যে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যম্পিয়নশিপের বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ-অনুর্ধ্ব ১৬।
বুধবার কিশোর টাইগারদের প্রতিপক্ষ সৌদি আরব। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আশাবাদী কিশোরদের কোচ সৈয়দ গোলাম জিলানি বলেন, ওরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে।
ওদের সিনিয়র টিম বিশ্বকাপ খেলে। তবে বয়স ভিত্তিক দলগুলোর ক্ষেত্রে খুব একটা বড় পার্থক্য নেই।
খেলোয়াড়রা প্রস্তুত, আশা করা যায় ভালো খেলবে ছেলেরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার সন্ধ্যা ৬টায়।






