জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার লেখা গান গেয়ে তাকে স্মরণ করেছে ছায়ানট। গতকাল ২৬ আগস্ট শনিবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় ভক্তিমূলক গান ‘শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল’ দিয়ে।
অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীরা গাইলেন ‘মহাকালের কোলে এসে’, ‘মনে রাখার দিন গিয়েছে’, ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি’, ‘আমি যেদিন রইব না গো’, ‘জয় আনন্দ ভৈরব ডমরু পিনাক-পাণি’, ‘মোর না মিটিতে আশা’, ‘ঘুমায়েছে ফুল পথের ধূলায়’, ‘আমার বিফল পূজাঞ্জলি’, ‘সাঁঝের পাখিরা ফিরিল কুলায়’, ‘গভীর রাতে জাগি খুঁজি তোমারে’, ‘ভবনে আসিল অতিথি সূদুর’, ‘সকরুণ নয়নে চাহ’, ‘এ আঁখি জলে মোছা প্রিয়া’, ‘শূন্য এ বুকে পাখি মোর’, ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’, ‘নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন’। কখনো একক কণ্ঠে, আবার কখনো সম্মিলিত কণ্ঠে।
অনুষ্ঠানে গান গেয়েছেন নাসিমা শাহীন, সুমন মজুমদান, সুস্মীতা দেবনাথ, জান্নাত–ই–ফেরদৌসী শুচি, রেজাউল করিম, বিজন চন্দ্র মিস্ত্রী, নবনীতা চক্রবর্তী, কানিজ হুসনা আহম্মদী, তানভীর আহমেদ, মোহিত খান, প্রমিতা দে, লতিফুন জুলিও প্রমুখ।








