১৭৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ধোনির বিধ্বংসী অপরাজিত অর্ধশতকে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচটিতে ৪ উইকেটের জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। ৩২ বলে ৬৪ রানের অসাধারণ আগ্রাসী ইনিংসটি মাহেন্দ্র সিং ধোনি সাজিয়েছেন ৫ টি ছয় আর ৪ টি চারের মারে। এছাড়াও দ্রুতই এগুনো পাঞ্জাবের রানের চাকা কিছুটা মন্থর করতে বড় অবদান রাখে অশ্বিনের ৪ উইকেট শিকার।
অবশ্য আজকের ম্যাচটির আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া প্রতিপক্ষদ্বয়ের লড়াইয়ে টসে জিতে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাব মুরালি বিজয় এবং গুরকিরাত সিং মানের দুইটি অর্ধশতকে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ধোনি ছাড়াও ওসমান খাজার ৩০ রান, টেল এন্ডার থিসারা পেরারার সময়োপযোগী ১৪ বলে ২৩ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জয় তুলে নেয় পুনে।
পুনের রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেট ছাড়াও ইরফান পাঠান, থিসারা পেরারা ও এ্যাডাম জাম্পা ১ টি করে উইকেট শিকার করেন। অপরদিকে পাঞ্জাবের গুরকিরাত সিং ২টি এবং সন্দিপ শর্মা, মহিত শর্মা, আজার প্যাটেল ও ঋষি ধাওয়ান ১টি করে উইকেট লাভ করেন।










