মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই মুখের লড়াই এ বারের আইপিএল ফাইনালে। রোববার ওয়াংখেড়েতে এই দুই ক্রিকেট তারকার দ্বৈরথই হয়তো বা ঠিক করে দেবে কোন দলের হাতে ট্রফি উঠবে— সানরাইজার্স হায়দরাবাদ না চেন্নাই সুপার কিংস। শিরোপা তুলে ধরতে আসল লড়াইটা হবে ধোনির মগজ বনাম রশিদের কব্জির।
লড়াইয়ের দুই নায়কের একজন সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও ভারতীয়দের ‘চিরকালীন’ নায়ক। যিনি আরও একটি আইপিএল ট্রফির অপেক্ষায়। আর দ্বিতীয় জন, আন্তর্জাতিক ক্রিকেটের নতুন বিস্ময়। প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলার অপেক্ষায় আফগান সুপারস্টার।
দু’বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে বছর সাতেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি।
তবে এবার চেন্নাই সমর্থকদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রশিদ খানের লেগস্পিন। তার বোলিংয়ের প্রশংসা করেছেন স্বয়ং শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন।
আইপিএল ফাইনালে লড়াই হবে অনেক। চেন্নাইয়ের অভিজ্ঞা। যারা আবার হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হায়দরাবাদকে হারিয়েছে। প্লে-অফেও হলুদ ঝড়ের সামনে টিকতে পারেনি হায়দরাবাদ।
তারপরও বিশ্লেষকরা বলছেন, ৬৮৮ রান করা কেন উইলিয়ামসনের কমলা টুপি, ওপেনিংয়ে ধাওয়ানের ফর্ম, ডেথ বোলিংয়ে ভুবনেশ্বর ও সিদ্ধার্থ কাউল, মাঝ ধাক্কায় সাকিবের স্পিন, সব ছাপিয়ে ফাইনালে হায়দরাবাদের আসল কোহিনূর আফগান রশিদ খান ও তার কব্জি রহস্য। যার সঙ্গে লড়াই হবে ‘মি. কুল’ ধোনির মগজের।







