রাজধানীর বনানীতে “দ্য রেইট ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ অভিযুক্তদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ’।
বুধবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্ত্বরে ‘সারা দেশে ধর্ষণ, সহিংসতা প্রতিরোধে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবি’ শীর্ষক এক সমাবেশে এই আল্টিমেটাম দেয়া হয়।
সমাবেশের আয়োজকদের একজন প্রকাশক রবিন আহসান বলেন: ৭২ ঘণ্টার মধ্যে যদি ধর্ষকদের গ্রেফতার না করা হয়, তাহলে শাহবাগ থেকে বনানী পর্যন্ত অভিযাত্রা করবেন তারা। বনানী থানার সামনেও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
এই অভিযাত্রায় সাধারণ মানুষকেও অংশ নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
তিনি জানান, বৃহস্পতিবার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ‘ধর্ষণ বিরোধী’ এক সমাবেশ আয়োজন করবে।
গত ২৮ মার্চ রাতে বার্থডে পার্টির নাম করে দুই তরুণীকে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ডেকে নেওয়া হয়। এরপর তাদের পূর্বপরিচিত সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে রাতভর তাদের আটকে রেখে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
অভিযুক্ত দু্ই তরুণের সঙ্গে তাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও গাড়িচালকও ছিল। তাদের একজন ঘটনাটি ভিডিও করে রাখে। এরপর ওই দুই তরুণী পরিবারের মাধ্যমে ঘটনাটি পুলিশকে জানান। প্রথমে পুলিশ মামলা নিতে না চাইলেও গত শনিবার বনানী থানা পুলিশ মামলা নিতে বাধ্য হয়।
মামলার পর দুই তরুণীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। এরপর রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়। এ ব্যাপারে চিকিৎসকদের ৫ সদস্যের একটি তদন্ত টিমও গঠন করা হয়।
এ ঘটনায় আগামী ২৯ মে আদালত ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।







