সম্পাদকীয়

পঞ্চাশ-ষাটের দশকের বাংলা উপন্যাসের কাহিনী মনে করিয়ে দেয় এই ঘটনা

পঞ্চাশ-ষাটের দশকের বাংলা উপন্যাসের কাহিনী মনে করিয়ে দেয় এই ঘটনা

ধর্মান্তরিত হয়ে বিয়ে, দুই পরিবারের দ্বন্দ্বের ফলে তরুণ-তরুণী দুজনের আত্মহত্যার পরে মরদেহ নিয়ে আদালতে নাটকীয়তা প্রত্যক্ষ করেছে সারাদেশ। ২০১৩ সালে প্রেমের সম্পর্কে থেকে নীলফামারীর ডোমার উপজেলার অক্ষয় কুমার রায় মাস্টারের মেয়ে লিপা রাণী একই উপজেলার জহুরুল ইসলামের ছেলে হুমায়ন ফরিদ লাজুর সাথে চলে যান। লিপা রাণী পরে মোছা. হোসনে আরা ইসলাম লাইজু নাম ধারণ করে ধর্মান্তরিত হয়ে লাজুকে বিয়ে করেন। লিপার বাবা ওই বছরই বাদী হয়ে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি অপহরণ মামলা করেন। কিন্তু মেয়ে ও ছেলে স্বামী-স্ত্রী পরিচয়ের সকল কাগজপত্রসহ আদালতে হাজির করে জবানবন্দি দিলে আদালত অপহরণ মামলাটি খারিজ করে দেন। এরপর মেয়ের বাবা মামলার খারিজের বিরুদ্ধে আপিল করে তার মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক ও মস্তিষ্ক বিকৃত দাবি করেন। পরবর্তীতে আদালত এই আবেদন আমলে নিয়ে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী সেফ হোমে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মেয়েটি সেফ হোমে থাকা অবস্থায় ২০১৪ সালের ১৫ জানুয়ারি স্বামী হুমায়ূন ফরিদ লাজু বিষপান করে আত্মহত্যা করেন। এরপর লাইজুর আত্মহত্যার বিষয়টি আদালতে উপস্থাপন করে বাবা তার মেয়েকে নিজ জিম্মায় নিতে আদালতে আবেদন করার পর আদালত তা মঞ্জুর করেন। ২০১৪ সালের ১৬ জানুয়ারি মেয়েকে নিয়ে বাবা তার বাড়িতে রাখেন। আর ২০১৪ সালের ১০ মার্চ বাবার বাড়িতে শোবার ঘরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন মেয়েটি। এরপর মরদেহ নিয়ে শুরু হয় নাটকীয়তা। শ্বশুর মুসলমান তরিকায় দাফন আর বাবা হিন্দু শ্রাস্ত্রমতে সৎকারের জন্য আদালতে আবেদন করেন। চলতে থাকে আইনি লড়াই। মেয়েটির মরদেহ আটকা পড়ে থাকে মর্গের হিমঘরে। অবশেষে প্রায় সাড়ে ৪ বছরের বাবা এবং শ্বশুরের দীর্ঘ আইনী লড়াইয়ের পর সেই মরদেহ শেষ পর্যন্ত তার শ্বশুরের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মরদেহ ইসলামী শরিয়ত মোতাবেক দাফনের নির্দেশও দিয়েছেন। দুটি তরুণ-তরুণীর প্রেম-ভালোবাসা-বিয়ের পরে মর্মান্তিক পরিণতির চেয়ে আইনি মারপ্যাঁচে মরদেহ আটকে থাকার বিষয়টি একাধারে শোক ও আগ্রহের কারণ হয়েছে। তবে বিষয়টিকে আমাদের কাছে ধর্মীয় ঘেরাটোপে পশ্চাৎপদ মানসিকতার একটি ঘটনা বলে মনে হয়েছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। ধর্মীয় আইনের সঙ্গে সঙ্গে প্রচলিত বিবাহ আইনে ধর্মান্তরিত হয়ে বিয়ের ঘটনা স্বাভাবিক একটি ঘটনা হলেও লিপা রাণী-হুমায়ন ফরিদের এই ঘটনা পঞ্চাশ ও ষাটের দশকের কোনো বাংলা উপন্যাসের কাহিনী ভাবতে বাধ্য করছে। আদালতের আদেশে ঘটনার এর সমাপ্তি হলেও ভবিষ্যতে এ ধরণের ঘটনায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের কী করণীয়, তা ভেবে দেখা দরকার। এই ঘটনা থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে বলে আমরা মনে করি। আমরা ওই দুইজনের চিরশান্তি কামনা করি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…