দ্বিতীয় দিনের মতো মিয়ানমারের দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, ‘রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করতে মিয়ানমার সরকারের ১০ সদস্যের প্রতিনিধি দল সোমবার সকাল ৯টার দিকে উখিয়া এসে পৌঁছেন। এরপর সাড়ে ৯টার দিকে বালুখালীতে গড়ে উঠা নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।’
প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রানালয়ে কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার ব্যক্তিরাও রয়েছে।
এর আগে প্রতিনিধি দলটি রোববার কক্সবাজার পৌঁছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে কথা বলে।এ সময় মিয়ানমার-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সহ রোহিঙ্গা সমস্যা নিয়ে নানা আলোচনা হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং ক্যাম্পে যান। সেখানে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।
গতবছর ৯ অক্টোবর মিয়ানমারে সংঘাতের পর সেখানে ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠে সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। এসময় নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
এ বিষয়ে তদন্ত করতে মিয়ানমার সরকার জ্যং মিন্ট পে কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। তার নেতৃত্বেই প্রতিনিধি দলটি কক্সবাজার এসেছে।








