ফুটবলে এতোদিন ভুটানের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট থাকলেও আজকে ৩-১ গোলের পরাজয় ফুটবলপ্রেমী সাধারণ মানুষ ও ক্রীড়া সাংবাদিকদের ভাবাচ্ছে।
ক্রীড়া সাংবাদিক শহীদুল আজম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ ভুটানের সঙ্গে খেলা নিয়ে এর আগে কখনও কাউকে এতো হিসাব নিকাশ করতে দেখেছি কি না, সেটা মনে করতে পারছি না।
যখন ক্রীড়া সাংবাদিক হইনি, ফুটবল মাঠের খবর জানার জন্যে নিয়মিত পত্রিকার পাতায় চোখ রাখতাম, তখনও ভুটানকে নিয়ে কারো কৌতুহলের কিছু দেখিনি।
ভুটানের এক খেলোয়াড় খড়গ বাহাদুর বাসনাত একবার ঢাকা মোহামেডানের হয়ে খেলতে এসেছিলেন। তার কথাও খুব বেশি মনে পড়ে না। এতটুকু মনে পড়ে বাসনাত ঢাকার ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে ভুটানের খেলা কভারেও আমাদের কোন আগ্রহ ছিলো না। কারণ মাঠে নামার আগেই ফলাফল আঁচ করে ফেলতাম বলে। আজ ভুটানকে নিয়ে চারদিকের নানা আলোচনায় একটু অবাকই হয়েছিলাম।
এখন জানলাম, ভুটান বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। এটাকেই বোধ হয় বলে সময়ের পরিবর্তন! ফলাফল যা-ই হোক না কেনো, দেশ সেরা ফুটবলাররাই এখন ফুটবল পরিচালনার দায়িত্বে আছেন, এটা ভেবেই বোধ হয় তৃপ্তি পাওয়া যায়। তা নয় কি?’







