আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ছিলের দলের মধ্যমণি। মধ্যমণি এবারও ছিলেন। তবে চিত্রটা ছিল ঠিক তার উল্টো। মাত্র এক ম্যাচেই শেষ হয়ে গেল কাটার মাস্টারের আইপিএলের দশম আসরের যাত্রা। মোস্তাফিজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
ইংল্যান্ডের সাসেক্সে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে এদিন সন্ধ্যা সাতটায় দেশে ফেরেন মোস্তাফিজ। বৃহস্পতিবার সন্ধ্যায়ই লন্ডনের বিমান ধরার কথা তার। ইংল্যান্ড যাত্রায় ফিজের সঙ্গী হওয়ার কথা সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্সের টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন বৃহস্পতিবার সকালে।
সন্ধ্যায় ফিরে মোস্তাফিজ হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে সোজা বিসিবিতে যান। রাতে বিসিবির একাডেমি ভবনে থাকবেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে এই বাঁহাতি পেসার গত ১১ এপ্রিল ভারতে পৌঁছান। পরদিনই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটা খেলেছিলেন। তাতে খরুচে বোলিং করায় পরের ম্যাচগুলোয় গত আইপিএলের ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়কে একাদশেই রাখেনি হায়দরাবাদ। ওই ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ।
একই ঘটনা সাকিবের সঙ্গেও ঘটছে। একটি ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে তাকেও। বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স আরেকবার তাকে ছাড়াই রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে নেমেছে। গত ২১ এপ্রিল ইডেন গার্ডেন্সে এই পুনের বিপক্ষেই ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।








