দেশে ফিরলেই সরকারি চাকুরি পাবে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারাতে বসা কলেজ ছাত্র সিদ্দিকুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাকে চাকরি দেয়ার এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এ প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ বা ইডিসিএলে তাকে চাকরি দেয়া হবে।
গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের ছোঁড়া টিয়ার শেলে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিনই সিদ্দিকুরকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন সিদ্দিকুর। তবে চোখ ভালো হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
কেননা চেন্নাইয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিঙ্গম গোপাল জানান, অস্ত্রোপচারের পরও তার চোখের আলো ফেরার কোন সম্ভাবনা নেই।
সিদ্দিকুরের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পায়।








