প্রথম বাংলাদেশী হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ অভিযানে অংশ নিয়ে বিশ্বের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয়ী ওয়াসফিয়া নাজরীন নিজ দেশে ফিরছেন। চার বছর আগে শুরু করা অভিযান শেষ করে আজ সোমবার দেশে ফেরার কথা রয়েছে তার।
ওয়াসফিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে তার আগমনীবার্তা জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে।
ওয়াসফিয়া এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশী এবং দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চুড়ায় আরোহণ করেন। এর আগে ২০১১ সালের ২ অক্টোবর তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো এবং ২০১১ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া জয় করেন।
তার আগে ২০১১ সালের জুলাই মাসে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলবার্সের চূড়ার ৩০০ মিটার নিচে থেকে খারাপ আবহাওয়ার জন্য ফিরে আসেন ওয়াসফিয়া। তিনি ২০০৯ সালে নেপালের লু রী পর্বত, ২০১০ সালে আইল্যান্ড পিক জয় করেন এবং ২০১৩ সালের ২৮ মার্চ ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন।
সবশেষে ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি জয় করেন ওয়াসফিয়া। শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪ হাজার ৮শ ৮৪ মিটার।






