কয়েক বছর ধরেই ঘরের মাটিতে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। এসময়ে কোন দলই সাকিব-মুশফিকদের সামনে তেমন একটা সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নিজ দেশের সফলতা একটু একটু করে বিদেশের মাটিতেও টেনে নিচ্ছে টাইগাররা। এবারের মিশন সাউথ আফ্রিকায়। কদিন আগেই অস্ট্রেলিয়াকে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে সাফল্য অর্জনের চ্যালেঞ্জ। প্রস্তুতি ম্যাচে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই চ্যালেঞ্জ জয়ের কথাই বললেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার বেনোনির মাঠে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে প্রোটিয়া সফরে বাংলাদেশ কী অর্জন করতে চায় সেটাই জানালেন মুশফিক, ‘শেষ দুই বছর ধরে তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ খুব ভাল করছে। দেশের মাটিতে আমরা এখন আত্মবিশ্বাসী একটা দল। কদিন আগেই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সাউথ আফ্রিকায় তাদের কন্ডিশনে আমাদের কাজটা সহজ হবে না। আমাদের সামনের চ্যালেঞ্জটা দেশের বাইরেও ভাল করার। আমরা চ্যালেঞ্জটা জিততে চাই।’
আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই। তবুও মূল যুদ্ধে নামার আগে দল নিয়ে আশার কথাই শোনালেন টাইগার অধিনায়ক, ‘আমাদের জন্য ভাল সুযোগ। একাধিক তরুণ সদস্য আছে আমাদের দলে। তাদের খুব ভাল অভিজ্ঞতা হবে এই কন্ডিশনে খেলে। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আমাদের জন্য দারুণ একটি সিরিজই অপেক্ষা করছে। কিছুদিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। একটা অনুশীলন ম্যাচও আছে। আশা করি নিজেদের তুলে ধরতে পারব। আত্মবিশ্বাসটা তৈরি হবে।’
ডাগআউটে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে প্রোটিয়াদের নতুন কোচ ওটিস গিবসনের। তার অধীনে থাকা ইংল্যান্ডের কাছেই কদিন আগে সিরিজ হেরে এসেছে ডু প্লেসিসরা। এতে আলাদা কোনও সুবিধাও দেখছেন না মুশফিক। বরং স্বাগতিকদেরই পরিষ্কার কঠিন প্রতিপক্ষ মানছেন অধিনায়ক, ‘এটা তো তাদের হোম কন্ডিশন। তারা পিচ ও কন্ডিশন সম্পর্কে ভালোই জানে। যদিও তারা ইংল্যান্ডে হেরেছে, তারপরও তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ। সে (গিবসন) নতুন নয়, সে তো ক্রিকেটে অনেক পুরাতনই। আমরাও চাই এখানে ভাল ক্রিকেট খেলতে।’
দেখুন ভিডিওতে:







