স্পোর্টস

‘দেশের জার্সিতে সবাই সর্বোচ্চটাই দিতে চায়’

‘দেশের জার্সিতে সবাই সর্বোচ্চটাই দিতে চায়’

কলম্বো থেকে: মাশরাফির বিদায়ের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের টি-টুয়েন্টি দলের পরের সম্ভাব্য অধিনায়ক তিনি। বিদায়বেলায় মাশরাফি শুভকামনা জানিয়েছেন তার পূর্বসূরিকেও।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে মাশরাফিকেও প্রশংসায় ভাসালেন সাকিব, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বা দেশের জার্সি পড়ে খেললে সবাই সর্বোচ্চটাই দিতে চায়, মাশরাফি ভাইও সেটাই করেছে।’

মাশরাফির বিদায়টাও গুরুত্বপূর্ণ মনে করছেন সাকিব। জানালেন, ‘মাশরাফি ভাইকে এভাবে বিদায় দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।’

শ্রীলঙ্কা সফরের সার্বিক সাফল্য নিয়ে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কা সফরে এসে খু্ব বেশি দল নেই যে ভালো করে। আমরা এখানে এসে তিন ফরম্যাটেই সিরিজ ড্র করেছি। এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় পাওয়া। স্পেশালি বিদেশের মাটিতে এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট সিরিজ।’

এর আগে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচ স্মরণীয় করেছেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চেও অধিনায়কের প্রতি সাকিবের ভালোবাসা উঠে এলো।

বললেন, ‘তিনি এমন একজন, আমাদের ড্রেসিংরুমে যিনি খুবই স্পেশাল। আমি ক্রিকেট খেলা শুরুর আগে থেকেই তাকে চিনি। আমরা একই জায়গা থেকে এসেছি। ভাষায় প্রকাশ করতে পারব না এই দলের কতটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।’

মাশরাফিকে শুভকামনা জানিয়ে সাকিব বলেন, ‘তার ভবিষ্যতের জন্য শুভকামনা। এখনও ওয়ানডে দলের অধিনায়ক। সেখানে বড় ভূমিকা রাখবেন সামনেও।’

বিষয়:বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…