কাভার সং দিয়ে গানের জগতে পা রাখে বর্তমানের জনপ্রিয় গানের দল ‘কুঁড়েঘর’। ব্যান্ডটির বয়স এখনো দুই বছর হয়নি। আর এরমধ্যেই পাশের দেশ ভারতে গান পরিবেশনের আমন্ত্রণ পেল দলটি।
কখনো বাসার ছাদে, আবার কখনো কলেজ ক্যাম্পাসে হাসি খুশি আর আড্ডার ছলে গান করে মাত্র এক বছরের মাঝেই জয় করে নিয়েছে এপার ওপার বাংলায় কোটি গানপ্রেমীর মন। কাভার সং গেয়ে যাত্রা শুরু হলেও জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে নিজেদের লেখা মৌলিক গানও শুরু করেন তারা। এরইমধ্যে প্রায় ৩০ টির মত মৌলিক গান করেছে কুঁড়েঘর!
দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড চিরকুট, অ্যাশেস ও আভাসসহ বেশকিছু ব্যান্ডের সাথে একই স্টেইজে পারফর্ম করার গৌরবও অর্জন করেছে দলটি। আর এসব অনুপ্রেরণা নিয়েই এবার দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলার স্টেজ কাঁপাতে গেলেন দলটির সদস্যরা। আগরতলায় ‘মিউজিক লাভার গ্রুপ’ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে গান করছেন কুড়েঘর।
সাত সদস্যের ব্যান্ড ‘কুঁড়েঘর’। ব্যান্ডের ভোকালে আছেন তাসরিফ খান, লিড গীটারে সালেহ আহমেদ সামি, ড্রামসে প্রিয়ম মজুমদার, বাশিতে ইয়ামিন প্রান্ত, বেইজ গিটারে স্মরণ মৃদুল, পারকেশনে স্রাবন সাব্বির ও গিটারে তানজীব খান।








