বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে না গিয়ে দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন: দেশের জন্য কাজ করুন।
মঙ্গলবার জাপান সফরের প্রথম দিন টোকিও পৌঁছেই প্রবাসী বাংলাদেশি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতে জাপান আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, ঢাকা টোকিও সরাসরি বিমান চালু এবং জাপানে জনশক্তি রপ্তানি বাড়ানোর দাবি জানান।
স্বাগত বক্তৃতায় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাপানের অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলাদেশের যেকোন উন্নয়নে পাশে থাকায় জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নত বাংলাদেশে এখন ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে দেশের জন্য কাজ করতে বলেন শেখ হাসিনা।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় জাপানের হানাদা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তশিকো আবে এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।









