বিশিষ্ট প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, সংস্কৃতিতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ ফজলুল আলমকে বিশিষ্টজনেরা অনলাইনেও শ্রদ্ধা জানাচ্ছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে লিখেছেন লেখক আহমাদ মাজহার।
আহমাদ মাজহার ফেসবুকে লিখেছেন: “আমার দেখা সৃজনমননশীল একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন ফজলুল আলম। ২০০৩ সাল থেকে তাঁর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সূত্রে জানি যে আমাদের জ্ঞানজগতে কিছুটা ব্যতিক্রমী ও স্বতন্ত্র এক সত্তা নিয়ে বিরাজিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর ইংল্যান্ডে বসবাস করে নিজের মনোভঙ্গিকে পাশ্চাত্য ভাবধারায় রাঙিয়েছিলেন বটে, কিন্তু স্বাজাতিক বোধেও সবসময় ছিলেন দীপিত। এককথায় তিনি ছিলেন দেশাত্মবোধ সম্পন্ন বিশ্বনাগরিক আধুনিক একজন মানুষ। তাঁর মতো বিজ্ঞানচেতনা সম্পন্ন ব্যক্তি আমি আমাদের সমাজে খুব বেশি দেখি না। তাঁর সর্বশেষ বই ‘সংস্কৃতিতত্ত্ব ও বাঙালি’ [প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা] সত্যিকারের চিন্তা উদ্রেককারী একটি বই! বাঙালি জাতির সংস্কৃতি নিয়ে সমকালীন বৈশ্বিক তত্ত্বীয় পরিপ্রেক্ষিতে এমন মান ও স্তরের বই লিখবার সামর্থ্য আর কারো আছে কিনা আমার জানা নেই! আমি তাঁর সঙ্গে তর্ক করে নতুন নতুন চিন্তার সঙ্গে পরিচিত হয়েছি। সাম্প্রতিক অনেক বৈশ্বিক ভাবনার সঙ্গে আমার পরিচয় ঘটেছে তাঁর সূত্রে। যতদিন বেঁচে থাকব এবং থাকব সক্রিয় ততদিন তাঁর চিন্তা আমার অনেক জিজ্ঞাসাকে জাগিয়ে রাখবে। আমার গর্ব যে বয়সে তাঁর পুত্রসম হওয়া সত্ত্বেও আমাক তিনি বন্ধু হিসেবই গ্রহণ করেছিলেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই!”

বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুল আলম।










