১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণ সারা দেশের রাস্তা-ঘাট, ঘর-বাড়িতে মাইকে বাজানোয় তার সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত তারেক রহমানের ১১ তম কারাবন্দি দিবস উপলক্ষে ‘ভুলুণ্ঠিত গণতন্ত্র, নিষ্পেষিত জনগণ, ভঙ্গুর অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় তার ভাষণে এ সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আজ ৭ মার্চ। পাড়ায়-মহল্লায় মাইক বাজছে। এ নিয়ে কত হইচই। রাস্তা-ঘাটে সর্বত্র মাইকের আওয়াজ। তাদের মাইক বাজাতে কোন অনুমতি লাগে না। অথচ আমাদের মাইক বাজানোর, মিছিল, মিটিং, সমাবেশ করার অনুমতি দেয়া হয় না। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। গণতা্ন্ত্রিক দেশে এমন বৈষম্য চলতে পারে না বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।’
এসময় ভারতের সঙ্গে সরকার যে প্রতিরক্ষা বা সামরিক চুক্তি করছে তাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেল প্রজন্ম এর সভাপতি শামা ওবায়েদ।









