বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তিনি আরও অভিযোগ করেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, দেশ পরিণত হয়েছে পুলিশি রাষ্ট্রে।
রাজধানীর লেডিস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইফতার মাহফিলের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব বলেন। গুপ্ত হত্যা, ক্রসফায়ারসহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি।
২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন: বিডিআর বিদ্রোহের মাধ্যমে এর সূত্রপাত। ওই ঘটনায় দেশের সীমান্তরক্ষী বাহিনী দুর্বল হয়ে গেছে। এখন বিজিবি সীমান্তে মানুষকে রক্ষা করতে পারছে না। অন্য দেশের বাহিনী দেশের ভেতরে ঢুকে মানুষ হত্যা করছে। কিন্তু ব্যর্থ সরকার একটি প্রতিবাদও করতে পারছে না। এমনকি মিয়ানমার পর্যন্ত দেশে আক্রমণ করছে। বিজিবির কোনো ক্ষমতা নেই।
সরকারের ব্যর্থতার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশ এখন আর গণতান্ত্রিক নয়, পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। পুলিশের নির্দেশে সব চলছে। পুলিশ যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছা ‘ক্রসফায়ার’ করছে। প্রতিবাদ করার সুযোগ নেই। যারা প্রতিবাদ করে তাদেরও জেল-জুলুম সহ্য করতে হয়।
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফয়জুল্লাহ ফাহিমের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় দেশে কী হচ্ছে। দেশের সার্বভৌমত্ব আছে কি না তা নিয়ে সংশয় আছে।
নিজেদের নিরাপত্তার জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে সকলকে সতর্ক থাকার কথা বলেছেন খালেদা জিয়া।






