রাস্তার জ্যাম, নিত্যদিনের ব্যাস্ততা এসব থেকে রেহাই পেতে আজকাল অনলাইনে কেনাকাটাতেই স্বাচ্ছন্দ্য বেশি মানুষের। আর মনমতো অনেকগুলো অনলাইন শপ যখন পাওয়া যায় একই ছাদের নীচে। তখন তো আর কথাই নেই।
আর তাই তো প্রায় ৫০ টির বেশি অনলাইন শপ নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারীতে শুরু হচ্ছে বৈশাখী মেলা। টি অ্যান্ড এস আয়োজিত এ মেলায় অংশগ্রহণকারীরা চান ক্রেতারা যেন তাদের পছন্দের পণ্যটি এখান থেকে যাচাই বাছাই করে কিনতে পারেন।
বৈশাখের সাজ পোশাক নারীদের জন্য। আর এ মেলায় অংশগ্রহণকারীরা সবাই নারী বলেই তারা বোঝেন নারীদের পছন্দের কথা। শাড়ি, কামিজ, গয়না সবই মিলবে এই মেলায়।
৯ তারিখ থেকে শুরু হওয়া এ মেলা চলবে বৈশাখের আগের দিন অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত মেলাটি চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত।








