রাজধানীর বনশ্রীতে রহস্যজনকভাবে মৃত দুই শিশুর দাফন জামালপুরের পৌর কবরস্থানে সম্পন্ন হয়েছে। নামাজে জানাজা অনুষ্ঠানের পর রাত সাড়ে নয়টার দিকে তাদের দাফন করা হয়। দাফনের পর নিহত শিশুদের নানা বাড়িতে তাদের বাবা-মাসহ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে র্যাব।
পোশাক ব্যবসায়ী আমান উল্লাহর বাড়ী জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রায়েরপাড়া গ্রামে। জামালপুর শহরের ইকবালপুরে তার শ্বশুরবাড়ী।
“চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে দুজনের মৃত্যু হয়েছে” পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, খাবারে বিষক্রিয়ায় নয় শ্বাসরোধের কারণে তারা মারা গেছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস জানান, মৃত দুই শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়তো তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
চিকিৎসকদের এমন ধারণার পর মঙ্গলবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাসার দুই দারোয়ান, গৃহশিক্ষিকা ও এক স্বজনকে র্যাব-৩ এর ক্যাম্পে নেওয়া হয়।
তবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে জানতে তাদেরকে ডাকা হয়েছে।
রাজধানীর বনশ্রীতে গতকাল সোমবার রাতে ওই দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার গতকাল দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।






