লিভারপুলের কাছে অ্যাওয়ে ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে বার্নলি এফসি’র কাছে পয়েন্ট খুইয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলি’র সঙ্গে ২-২ গোলে ড্র করে বেকায়দায় দ্য ব্লুজরা। লিগে ৩৫ ম্যাচ খেলা হয়ে গেছে তাদের। আপাতত এই ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে তুলে চার নম্বরে উঠে এসেছে চোলসি।
তবে লিগে নিজেদের শেষ তিনটি ম্যাচের পর পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা কঠিন সারির দলের পক্ষে। কেননা, একটি করে ম্যাচ কম খেলে চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সেক্ষেত্রে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত দেখাচ্ছে চেলসির। এমনকি শেষবেলায় আরও কোনো ঘটনা ঘটলে ইউরোপা লিগের টিকিটও হাতছাড়া হতে পারে।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যেই চারটি গোল হয়। দ্বিতীয়ার্ধের খেলা থাকে গোলশূন্য। ৮ মিনিটের মাথায় দুর্দান্ত ভলিতে গোল করে বার্নলিকে এগিয়ে দেন হেনড্রিকস।
খুব বেশিক্ষণ লিড ধরে রাখা সম্ভব হয়নি বার্লির পক্ষেও। ১২ মিনিটের মাথায় হ্যাজার্ডের পাস থেকে গোল করে কন্তে সমতায় ফেরান চেলসিকে। মিনিট দু’য়েকের মধ্যেই চেলসিকে ২-১ গোলে এগিয়ে দেন হ্যাজার্ড নিজে। ২৪ মিনিটের মাথায় উডের পাস থেকে গোল করে এবার বার্নলিকে সমতায় ফেরান বার্নস।
দুই পয়েন্টের সঙ্গে ম্যাচে দুজন খেলোয়াড়কেও হারিয়েছে চেলসি। ইনজুরিতে পড়েছেন এনগোলো কন্তে ও কালাম হাডসন-ওডি। দুজনই বাকি মৌসুমে অনিশ্চিত হয়ে পড়েছেন।
বার্নলি ম্যাচ ড্র করার পর ৩৫ ম্যাচে চেসলির পয়েন্ট ৬৭। সমসংখ্যক ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে আপাতত দু’নম্বরে ম্যানসিটি। টটেনহ্যাম ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তিননম্বরে জায়গা ধরে রেখেছে। বার্নলি ম্যাচ জিতলে টটেনহ্যামকে টপকে তিনে উঠে আসত চেলসি। তা না হওয়ায় আর্সেনালের কাছে চতুর্থ স্থান খোয়ানোর আশঙ্কায় রয়েছে হ্যাজার্ড-হিগুয়েনরা। গানাররা ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট সংগ্রহ করেছে। ম্যানইউ ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে।







