রমজান ও ঈদের পরে খোলার কথা থাকলেও সময় অতিক্রম করলেও এখন পর্যন্ত পাঠদান শুরু করেনি ঢাকার অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুল। গুলশানের হলি আর্টিজানে হামলার পরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি-সংস্কারের কারণ দেখিয়ে বন্ধ আছে স্কুলগুলো। এ পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় আছেন অভিভাবকগণ।
ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে জুনে সাধারণত শিক্ষাবর্ষ শেষ হয়। এরপরই যথাযথ সময়ে আবারও শুরু করে পরবর্তী শিক্ষাবর্ষের পাঠদান। কিন্তু এবার ঘটেছে তার ব্যতিক্রম।
এ প্রসঙ্গে রাজধানীর ধানমন্ডিস্থ স্কলার্স স্কুল এন্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষিকা চ্যানেল আই অনলাইনকে জানান: গুলশান হামলার পর থেকেই ইংলিশ মিডিয়াম স্কুল গুলো নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রথম দিকে আমাদের স্কুলও বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে আইনশৃংখলা বাহিনীর গ্রীন সিগন্যালে পুনরায় আমরা পাঠদান শুরু করি।
স্কলাস্টিকা, ম্যাপল লীফ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীন হেরাল্ড স্কুল এন্ড কলেজসহ ঢাকা অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, গুলশান হামলার পরপরই একটি সন্ত্রাসী সংগঠনের নামে সকল ইংলিশ মিডিয়াম স্কুল গুলো বন্ধ রাখার জন্য চিঠি পাঠানো হয়। নিরাপত্তা বিবেচনায় তারা হয়তো এখনও পাঠদান শুরু করেনি।
ধানমন্ডি এলাকার বাসিন্দা আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে জানাচ্ছিলেন তার উৎকন্ঠার কথা। তার সন্তান পড়ছেন ওই এলাকার একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।
তিনি জানান, গুলশান ট্র্যাজিডির কারণে বাচ্চার স্কুল বন্ধ করে দেওয়া হয়। ২৮ জুলাই স্কুল খোলার কথা ছিলো। বাচ্চাকে নিয়ে ওই দিন স্কুলে গিয়ে দেখি স্কুল বন্ধ। গেট থেকে জানিয়ে দেওয়া হয়-কবে স্কুল খুলবে তা মোবাইল এসএমএসে প্রত্যেক অভিভাবককে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এরপর সপ্তাহ ধরতে চললেও স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া পাননি বলে চ্যানেল আই অনলাইনকে জানান এ অভিভাবক।
দেশ কোন দিকে যাচ্ছে এমন প্রশ্ন রেখে গ্রীন হেরাল্ড স্কুল এন্ড কলেজের আরেক অভিভাবক সোস্যাল মিডিয়ায় লিখেছেন: সত্যি হতাশার!!! গুলশান হামলার পর থেকে আমার বাচ্চার স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আসলে দেশ কোন দিকে যাচ্ছে?
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলও ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে ইংলিশ স্কুলগুলো খুলতে পারে বলেও ধারণা করছেন অনেক অভিভাবক।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে স্মরণকালের জঙ্গি নৃসংশতায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় সারাদেশে। ওই পরিস্থিতিতে স্কুলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর জুলাইয়ের ২৮ তারিখ ক্লাস শুরু করা সময়সীমা জানিয়ে নোটিশ দেওয়া হলেও পাঠদান শুরু করতে পারেনি অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুল।








