দিনে মাথাপিছু মাংস প্রাপ্তির পরিমাণ ১২১ গ্রাম
দেশে মাংসের উৎপাদন বেড়েছে ৭ গুণ

গত ৯ বছরে দেশে মাংসের বার্ষিক উৎপাদন প্রায় ৭ গুণ বৃদ্ধি পেয়েছে এমন তথ্য জানিয়ে প্রাণীসম্পদ অধিদপ্তর বলছে, ২০১৬-১৭ অর্থবছরে ১৯ হাজার মেট্রিক টন মাংস উদ্ধৃত ছিল। এই সময়ে দেশে দৈনিক মাথাপিছু মাংস প্রাপ্তির পরিমাণ দাঁড়িয়েছে ১২১ দশমিক ৭৪ গ্রাম।
এছাড়াও গত তিন বছরে মাংসের চাহিদা পূরণে বিদেশ থেকে কোনো গবাদি পশু আমদানি করতে হয়নি। ২০০৮-০৯ অর্থবছরে মাংস উৎপাদনের পরিমাণ ছিল ১০ লাখ ৮০ হাজার মেট্রিক টন।
সোমবার প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক জানান, ২০১৬-১৭ অর্থবছরে দেশে মাংসের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন, যা ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় ৬০ লাখ ৭৪ হাজার মেট্রিক টন বেশি।
এই খাতে প্রতিবছর প্রায় ৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান হচ্ছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘দেশের মোট কর্মসংস্থানে ২০ শতাংশ সরাসরি এবং ৫০ শতাংশ আংশিকভাবে প্রাণীসম্পদ খাতের উপর নির্ভরশীল।’

তিনি আরো বলেন, ‘দেশব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণের ফলে ইতোমধ্যে প্রজননক্ষম গাভী-বকনার প্রায় ৪৫ ভাগ গবাদিপশুকে কৃত্রিম প্রজননের আওতায় আনা এবং মোট গবাদিপশুর ৫০ভাগকে সংকর জাতে রূপান্তর করা সম্ভব হয়েছে।’
কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত গবাদিপশুর গুনগতমান বৃদ্ধির ফলে উন্নত ব্যবস্থাপনায় সংকর জাতের গাভীর দুধ উৎপাদন দৈনিক গড়ে ১০ থেকে ১৫ লিটার পর্যন্ত হচ্ছে এবং ফ্রিজিয়ান সংকর একক গাভীর দুধ উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ দিনে ৪০লিটার পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি সংকর ষাঁড় গরুর ওজন গড়ে ৪০০ কেজি থেকে ৫০০ কেজি পর্যন্ত হচ্ছে।
প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘গত তিন বছর যাবত পবিত্র ঈদুল আযহায় দেশির চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে কোন কুরবানির পশু আমদানি করতে হয়নি। সরকারের বাস্তবসম্মত ও সময়োপযোগী নীতির কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।’
তিনি জানান, গবাদি পশুর কৃত্রিম প্রজননের জন্য দেশে মোট ২২টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে। আর মাঠ পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন বাস্তবায়নের জন্য বর্তমানে দেশে ৪৬১টি উপকেন্দ্র এবং ৩ হাজার ৪৮৪টি পয়েন্ট চালু রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে দেশে গরুর সংখ্যা ছিল দুইকোটি ৩৯ লাখ ৩৫ হাজার, মহিষের সংখ্যা ছিল ১৪ লাখ ৭৮ হাজার, ছাগলের সংখ্যা ছিল দুইকোটি ৫৯ লাখ ৩১ লাখ এবং ভেড়ার সংখ্যা ছিল ৩৪ লাখ একহাজারটি।
একই সময়ে দেশে মাংস ও দুধ উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন এবং ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন।
সূত্র: বাসস



