দুর্দান্ত এক জয়েই টুর্নামেন্ট শুরু হয়েছিল। তারপর যেন জিততে ভুলে গেছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। টানা তিন হার। শুক্রবার গুজরাট লায়ন্সের কাছে ৭ উইকেটে হেরে টেবিলের তলানিতেই পৌঁছে গেছে স্মিথ-ধোনির দল।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ফিফটিহীন এক ইনিংসে ৮ উইকেটে ১৭১ রান জমা করেছিল পুনে। জবাবে ফিফটিহীন আরেকটি ইনিংসেই ১২ বল ও ৭ উইকেট অক্ষত রেখে সেটি টপকে যায় গুজরাট।
ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে অঙ্কিত শর্মা, পরের দুই বলে মনোজ তিওয়ারি ও শার্দূল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক করেছেন গুজরাটের ৩০ বর্ষী অস্ট্রেলিয়ান মিডিয়াম পেসার অ্যান্ড্রু টাই। দিনের ও চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। শুক্রবার আগের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
টাইয়ের হ্যাটট্রিকে শেষদিকে হয়তো কিছু রান কম হয়ে গেছে পুনের। এরপরও রাহুল ত্রিপাঠির ৩ চার ও ২ ছয়ে ১৭ বলে ৩৩, স্টিভেন স্মিথের ৬ চার ও ১ ছয়ে ২৮ বলে ৪৩, বেন স্টোকসের ২৫ এবং তিওয়ারির ৩১ রানে শক্ত লড়াই করার পুঁজিই পেয়েছিল দলটি।
কিন্তু টাইয়ের হ্যাটট্রিকসহ ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট বৃথা যেতে দেননি গুজরাটের ব্যাটসম্যানরা। ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককুলাম উদ্বোধনীতে ৮.৫ ওভারে ৯৪ রান যোগ করে শুরুটা করে দিয়ে যান। পরে অধিনায়ক রায়নার অপরাজিত ৩৫ ও অ্যারন ফিঞ্চের অপরাজিত ৩৩ রানে সহজ জয়েই মাঠ ছাড়ে লায়ন্সরা।
ডোয়াইন ৮ চার ও ১ ছয়ে ৩০ বলে, ম্যাককুলাম ৫ চার ও ৩ ছয়ে ৩২ বলে, রায়না ৪ চার ও ১ ছয়ে ২২ বলে এবং ফিঞ্চ ৩ চার ও ২ ছয়ে ১৯ বলে নিজেদের ইনিংসগুলো সাজিয়েছেন।
তিন ম্যাচে এটি প্রথম জয় গুজরাটের। আর চার ম্যাচে তৃতীয় হার পুনের।







