দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১৯ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে সুবল দাসের ৫ বছর বয়সী কন্যাশিশু পূজা দাসকে গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে ধর্ষণের অভিযোগে ওই এলাকারই আরেক বাসিন্দা সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন সুবল দাস। ঘটনার পর থেকেই পলাতক ছিল ধর্ষক সাইফুল।
এরপর ২৪ অক্টোবর ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রংপুর মেডিকেল থেকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
নিষ্পাপ শিশুটির ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসীসহ সোচ্চার হন দেশের সচেতন নাগরিকরা। সামাজিক মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। নরপশু সাইফুলের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা।








