দিনাজপুরে প্রতিপক্ষে ছুরিকাঘাতে বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলার ছাতোইল ইউপি’র শুকদেবপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। টাকা লেনদেন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত মো. মঞ্জুর রহমান মঞ্জু (৩২) উপজেলার ধনতোলা শাহাপাড়া গ্রামের মো.ওবায়দুর রহমানের ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন: এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পারিবার জানায়: টাকা লেনদেন নিয়ে মঞ্জুর রহমান মঞ্জু’র সাথে সজল চৌধুরী নামে এক যুবকের বিবাদ ছিলো। মোবাইল ফোনে তার সাথে বাকবিতণ্ডা হয়। এক সময় একে অপরকে দেখে নেবেন বলে চ্যালেঞ্জ করে। মঞ্জুর রহমান মঞ্জু মোটর সাইকেল যোগে ৩ বন্ধুকে নিয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলার ছাতোইল ইউপি’র শুকদেবপুর চৌরাস্তা নামক এলাকায় যায়। সজল চৌধুরীও ৬/৭টি মোটর সাইকেল যোগে ১৩/১৪ জনকে নিয়ে মঞ্জুর রহমান মঞ্জু’র সাথে দেখা করে। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সজল চৌধুরী ও তার দলবল এলোপাতাড়িভাবে মঞ্জুর রহমান মঞ্জুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা মঞ্জুর রহমান মঞ্জুকে প্রথমে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।









