বিএনপি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আমি এ কথা আগেও বলেছি, এখনও বলছি; পানি আর তেলে মেশে না। এই জগাখিচুড়ী ঐক্যের কোনো ভবিষ্যৎ নেই। ১০ বছরে যারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াতে পারে না, এখন এক মাসে কি কান্দে (কাঁধে) উঠবে?
সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে (কেআইবি) বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ-কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাদের বলেন: কাকে নিয়ে আন্দোলন করবেন? জনগণকে নিয়ে, জনগণ কেন আসবে? জনগণ আসার মত কোন অবজেক্টিভ কন্ডিশন বাংলাদেশের নেই। রোজার ঈদ চলে গেল, রোজার ঈদ তারপর কোরবানি ঈদ, এখন তো আর ঈদ নেই। আরেক ঈদ আসবে ২০২১ সালে, তখন আন্দোলনের চিন্তা ভাবনা করতে পারেন। তার আগে আর আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই। মরা গাঙ্গে জোয়ার আসে না। ১০ বছরে পারেন নাই, আর এক মাসে আন্দোলন।
তিনি বলেন: মওদুদ সাহেব তো অাগস্ট থেকে বলছে ১ মাসে চেহারা পরিবর্তন করে ফেলবেন! কী চেহারা পরিবর্তন করবেন? অাগস্ট গেল এক মাস, সেপ্টেম্বর গেল এক মাস; এখন আবার অক্টোবর শেষ মাস।
বিএনপির ক্ষমতার স্বপ্ন অধরা থেকে যাবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ক্ষমতার পরিবর্তন বলছেন তো, নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না, ইনশাল্লাহ। স্বপ্ন দেখতে পারেন, ক্ষমতা হারিয়েছেন। ময়ূর সিংহাসনের ওই স্বপ্ন আবারও দেখতে পারেন। অক্টোবর গেলে টের পাবেন রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে।
আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সদস্যসচিব ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অনেকে।








