‘আমি যখন চলচ্চিত্রে আসি তখন সালমান শাহকে খুব কাছ থেকে দেখেছি। অনেক বছর পর সালমানের সেই জায়গাটা আমি সিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি’।-তরুণ অভিনেতা সিয়াম আহমেদ নিয়ে এভাবেই মূল্যায়ন করছিলেন চিত্রনায়ক ওমর সানী।
শুধু ওমর সানী নয়, চলচ্চিত্রের অনেকেই সালমানের প্রভাব ও অভাব পূরণে সিয়ামকে উদাহরণ টানছেন! আর সেটার প্রমাণও হাতে নাতে দিলেন সিয়াম। নিজের প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়েই মন জয় করে নিয়েছেন বাঙালি দর্শকের। আর এবার সামনে আরো একটি অগ্নি পরীক্ষা! পরীক্ষার নাম ‘দহন’!
আসছে ৩০ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে জমকালো ভাবে আয়োজন করা হয় ‘দহন’-এর ট্রেলার লাঞ্চিং অনুষ্ঠান। জাজ মাল্টিমিডিয়ার এই বিশাল আয়োজনে সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশকিছু মানুষ। ‘দহন’-এর ট্রেলার প্রকাশ হওয়ার পর সবাই ছবির নির্মাতা রায়হান রাফী, নতুন জুটি সিয়াম-পূজার প্রশংসায় ভাসেন।
ছবিটি নিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে চিত্রনায়ক সিয়ামকে। নানা ধরনের এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে গিয়েছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্র তুলাকে পর্দায় ফুটিয়ে তুলতে। আর তাইতো ‘দহন’ নিয়ে নিজের প্রথম ছবি ‘পোড়ামন ২’-এর চেয়ে বেশি উচ্ছ্বসিত সিয়াম। দর্শকের উদ্দেশ্যে তিনি জানালেন, ‘দহন’-এ কঠিন একটি চরিত্র আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে। আমি চাই সবাই এসে ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। ছবিটি দেখে গালি দিলেও আপনারা দিবেন, তালি দিলেও আপনারা দিবেন।
শুধু ছবি নিয়ে নয়, সিয়াম কথা বলেছেন বর্তমান চলচ্চিত্রের মন্দা অবস্থা নিয়েও। চলচ্চিত্রে যে বিভাজন তৈরি হয়ে আছে সেটা ভুলে সবাইকে নতুন করে চলচ্চিত্র নিয়ে ভাবতে আহ্বান জানান সিয়াম। বলেন,আমরা ছোট মানুষ। এই পরিবারের সব চেয়ে ছোট মেম্বার আমরা। আমরা কি বড়দেরকে একটা অনুরোধ করতে পারি না? চলেন আমরা আবার সবাই এক হই। বাবা মা ভাই বোন মিলে আবার এক সঙ্গে বসবাস করতে শুরু করি।








