জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড বৃদ্ধি করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা এ লিভ টু আপিল করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
চ্যানেল আই অনলাইনকে এই আইনজীবী জানান, ‘লিভ টু আপিল আবেদনে হাইকোর্টের দেওয়া কারাদণ্ড স্থগিত চাওয়া হয়েছে। সেই সাথে এই মামলায় খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে।’
এই মামলায় বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে গত ৩০ অক্টোবর খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের-দুদকের করা রিভিশন বিবেচনায় নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।
গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন। সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।
এ রায়ের পরই আদালত থেকে কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে। সেই থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।
এর মধ্যে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুদিন পর আবার তাকে কারাগারে নেওয়া হয়।








