মুসলিম উদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: দখল আর দূষণে ঐতিহ্য হারিয়ে ফেলেছে টাঙ্গাইলের সুন্দরী খাল। এর অনেকাংশই প্রভাবশালীদের দখলে চলে গেছে। আর ময়লা, আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে খালটি যেমন ভরাট হয়ে গেছে তেমনি এলাকার পরিবেশও দূষিত করে ফেলছে।
শত বছরের পুরাতন এই সুন্দরী খাল ছিল করটিয়ার জমিদারদের যাতায়াতের একমাত্র পথ। শোনা যায়, এ খাল দিয়ে বড় জাহাজও চলাচল করতো। অপার সৌন্দর্যের কারণেই জমিদাররা এর নাম দেয় সুন্দরী খাল। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খালটি এখন প্রবাহ হারিয়েছে।
দূষিত বর্জ্য ফেলার পাশাপাশি খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে এলাকার প্রভাবশালীরা। গত বছর উচ্ছেদ করা হলেও আবার দখলে নিয়েছে তারা। খাল এলাকায় দুর্গন্ধে বিড়ম্বনা পোহাচ্ছেন পথচারীরা।
পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরী খালটি দূষণ ও দখলমুক্ত করতে না পারলে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে না। একারণেই খালটি টিকিয়ে রাখতে উদ্যোগ নেয়ার কথা বলছে জেলা প্রশাসন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








