বাংলাদেশ

দক্ষিণে মেয়র পদে সবাই বৈধ

দক্ষিণে মেয়র পদে সবাই বৈধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ সাত প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর গোপিবাগে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ সিদ্ধান্ত জানান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন: ‘নির্বাচন সুষ্ঠু হবে। আশা করি মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট দেবে।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন: ‘এখন পর্যন্ত নির্বাচন কমিশনারের ভূমিকা সন্তোষজনক।’

নেতাকর্মীদের যেন রাজনৈতিকভাবে হয়রানি করা না হয় সেদিকে দৃষ্টিপাত করেন তিনি। সেসময় একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন বিএনপির এই প্রার্থী।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত আর প্রতীক বরাদ্দ করা হবে ১০ জানুয়ারি।

বৈধ প্রার্থীরা হলেন
আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।

বিষয়:ঢাকা দক্ষিণ মেয়র সিটি কর্পোরেশন নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…