এবার ঈদে প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন না শাকিব খানের রংবাজি। দেখতে পাবেন না এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলীকেও। হ্যাঁ, এবার ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রূপরঙ চলচ্চিত্র।
যে ছবি আর ছবির শিল্পীদের নিয়ে গত এপ্রিল মাস থেকে আলোচনা হচ্ছে, ঈদে মুক্তি দেওয়ার জন্য রাত–দিন কাজ করে ছবি শেষ করা হলো, সেন্সর বোর্ডে জমাও দেওয়া হলো, সেই ছবিটি ঈদে কেন আসবে না? কী কারণ লুকিয়ে আছে?
‘রংবাজ’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার বলেন, ‘আগামীকাল শনিবার ছবিটি সেন্সর বোর্ড দেখবে। কিন্তু ঈদের আর মাত্র দুদিন বাকি আছে। এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তারপর ছবি মুক্তির জন্য অনেক প্রস্তুতি দরকার। এই যেমন পোস্টার ডিজাইন, ট্রেইলার প্রস্তুত, প্রচারণা। কিছুই তো করতে পারিনি। বড় বাজেটের ছবি। এমন একটি ছবি এসব বাদ দিয়ে ঈদে কীভাবে মুক্তি দেব?’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহ এখন নিয়ন্ত্রণ করে জাজ মাল্টিমিডিয়া। এবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি ছবি মুক্তি পাচ্ছো। সেখানে আমরা কীভাবে ছবি নিয়ে সফল হব? অবশ্যই ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্থ হতে হবে। এসব ভেবেই ছবিটি এবার ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সামনে পরিকল্পনা করে তবেই ছবিটি মুক্তি দেব।’
‘রংবাজ’ ছবি আর এই ছবির অভিনয়শিল্পী চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা বুবলী এবং পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, শাকিব খান তার স্বামী, তাদের সন্তান আব্রাম। এরপর ঘটেছে আরও ঘটনা। গত রোববার ছবির কাজ শেষ হয়েছে।
‘রংবাজ’ ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।










