থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন: থার্টি ফার্স্টের সন্ধ্যা ৬টার পর রাজধানীতে কোনো বার খোলা রাখা যাবে না এবং রাত ১০টার পর সব ফাস্টফুডের দোকান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট-২০২১ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
ডিএমপি কমিশনার বলেন, গত দুই বছর আমাদের খুব খারাপ কেটেছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আগামী নতুন বছরে যেন করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।
নববর্ষ উদযাপন উপলক্ষে তিনি বলেন, সাধারণত আমাদের টিনএজ সন্তানরাই পটকা ও আতশবাজি ফুটিয়ে থাকে। এতে অসুস্থ ও বয়স্করা অস্বস্তি এবং ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
সেজন্য এগুলো না করার অনুরোধ জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন: নববর্ষ উপলক্ষে কোনো প্রকার হুমকি নেই। এছাড়া ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশকিছু নির্দেশনা দিয়েছে।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










