প্রকাশিত হলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ এর ট্রেলার। আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) প্রয়াত নির্মাতা যশ রাজের ৮৬তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হল ছবিটির ট্রেলার।
ট্রেলার প্রকাশের সময় ছবিটির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যের সঙ্গে এক হয়েছিলেন ছবিটির ৪ তারকা অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটেরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।
ট্রেলার প্রদর্শনের পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এরআগে ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হয়েছিল ছবিটির, যা দর্শকের মনোযোগ আকর্ষন করেছিল। আর আজ প্রকাশিত হলো ছবিটির ট্রেলার।
ট্রেলারে দেখা যায়, সিনেমাটির গল্প শুরু ১৭৯৫ সালে যখন ভারতবর্ষে ইংরেজদের আগমন ঘটে। ইংরেজরা যখন শাসন শুরু করে তখন প্রজাদের ওপর শুরু হয় নির্যাতন। কিন্তু কিছু মানুষ ইংরেজদের গোলামি করতে নারাজ। তাদের একজন আজাদ। তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাকে রুখতে ইংরেজরা নিযুক্ত করেন আমির খানকে। এরপর চলতে থাকে নানা ঘটনা। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর এ ট্রেলার আরো দেখা যায়, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখকে।
ফিলিপ মিয়াডোসের উপন্যাস ‘কনফেশন অফ অ্যা থাগস’ অবলম্বনে যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি সিলভার স্ক্রিন চমকাবে আগামী ৮ নভেম্বর।







