তৃতীয় সলিডারিটি আর্চারিতে প্রথম সোনা জিতল বাংলাদেশ

তৃতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতেছে বাংলাদেশ। দলীয় নারী কম্পাউন্ড ইভেন্টে ভারতকে ২২৯-২২৫ পয়েন্টে হারায় স্বাগতিকরা।
মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পাঁচ ইভেন্টে স্বর্ণ দখলের লড়াইয়ে নামে বাংলাদেশ। এর কাঙ্ক্ষিত পাঁচ স্বর্ণের প্রথমটি এলো সুস্মিতা বণিক-বন্যা আক্তার- শ্যামলী রায়ের ধনুক দিয়ে।
আগের দুই আসরেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথম আসরে ছয় সোনা, এক রৌপ্য ও দুই ব্রোঞ্জসহ মোট নয় পদক জেতে লাল-সবুজরা। দ্বিতীয় আসরে পাঁচ সোনাসহ পদক ছিল মোট ১১টি। তৃতীয় আসরে ১০ ইভেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই সোনা জেতার সম্ভাবনা জাগিয়েছেন স্বাগতিক আর্চাররা।
গত শনিবার থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ২৬টি দেশ অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।





